করোনা মহামারিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকার পরও বিদেশ করে করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন।
বিবিসি জানায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করেই গ্রিসে সফর করেছিলেন জনসন। তিনি নিজেই সফরের বিষয়টি প্রকাশ করেন।
বুধবার তার বিমান অবতরণের ওপর একটি ইনস্টাগ্রাম ভিডিও এবং অ্যাথেন্স বিমান বন্দরে মাস্ক পরা অবস্থায় একটি সেলফিও পোস্ট করেন।
তবে তার ভাষ্য, প্রয়োজনীয় কাজেই তিনি অ্যাথেন্স গিয়েছেন। সেখানে তার একটি বাড়ি রয়েছে যেটি ভাড়া দেয়া হয়।
গ্রিসে পর্যটন মৌসুম শুরু হওয়ার আগে তিনি বাড়িটিতে করোনা মহামারি মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি রাখতে চান বলে জনসন জানান।
এদিকে করোনা সংক্রমণ রোধে ব্রিটিশ পররাষ্ট্র দফতর ‘প্রয়োজন ছাড়া’ সবধরনের সফর না করার জন্য নাগরিকদের পরামর্শ দিয়েছে।
একই কারণে গ্রিসও ১৫ জুলাইয়ের আগে যুক্তরাজ্য থেকে কোনো সরাসরি ফ্লাইট ঢুকতে দেবে না।
প্রধানমন্ত্রীর বাবার এমন কর্মকাণ্ডে বিরোধীদল লিবারেল ডেমোক্র্যাট এমপি জেমি স্টোন মন্তব্য করেছেন, ঘটনা দেখে মনে হচ্ছে আমাদের জন্য এক আইন, আর তাদের জন্য আরেক আইন।
যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে দুই লাখ ৮৩ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু প্রায় ৪৪ হাজার জনের।
তবে সরকারি পরিসংখ্যান অফিসের হিসাবে করোনা উপসর্গ নিয়ে মৃতসহ ৬৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।
