মেসভাড়া শিথিলের দাবি তোলায় খুবি শিক্ষার্থীকে হুমকির অভিযোগ

আপডেট : ০৩ জুলাই ২০২০, ০১:৫৫ পিএম

করোনা পরিস্থিতিতে মেস মালিকদের কাছে ভাড়া শিথিলের দাবি জানিয়ে আসছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এর পরিপ্রেক্ষিতে এক শিক্ষার্থীকে বিভিন্ন রকম হুমকিসহ নানাবিধ ভয়ভীতি দেখানো হয়েছে। যার ফলে ওই শিক্ষার্থী মেস ছাড়তে বাধ্য হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতার কারণে হরিণটানা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ইসলামনগর ছাত্র কল্যাণ সমিতির (মেসে থাকা শিক্ষার্থীদের সংগঠন) ওই সদস্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, অন্যান্য শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে গেলেও ভুক্তভোগী শিক্ষার্থী খুলনার স্থানীয় হওয়ায় কাসফা হাউস ছাত্রাবাসে (মালিক কবির মোল্লা) অবস্থান করেন। বিভিন্ন সময় মেস মালিকদের অযৌক্তিক দ্বিগুন তিনগুন ভাড়া আদায়ের প্রতিবাদ করায় এবং শিক্ষার্থীদের দাবি নিয়ে আন্দোলন করার কারণে সম্প্রতি বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে তাকে ভয়ভীতি দেখানো হয়।

একপর্যায়ে তাকে রুম ছেড়ে দিতে বলা হয়। গত ২৬ জুন এক সন্ত্রাসীকে দিয়ে তাকে ও তার রুমমেটকে হুমকি দিলে তারা মেস ত্যাগ করেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে পরিবারেরও ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

অভিযোগের ব্যাপারে কবির মোল্লার কাছে জানতে চাইলে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন।

তিনি বলেন, যে কারও নামে উল্টাপাল্টা অভিযোগ করে জিডি করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত