কৃষকের ৩ লাখ টাকার লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

আপডেট : ০৩ জুলাই ২০২০, ০২:২৭ পিএম

মাদারীপুরের কালকিনিতে এক কৃষকের সাড়ে ৩ লাখ টাকার লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাতে পৌর এলাকার পূয়ালী মাদারীপুর  গ্রামে এ ঘটে।

এ ব্যাপারে কালকিনি থানায় ৬ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দক্ষিণ গোপালপুর গ্রামের ধলাই সরদারের ছেলে আকবার সরদার বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে পূয়ালী মাদারীপুর গ্রামের মুন্সি খায়রুল আলম সুজনের ২ একর জমি লিজ নিয়ে দীর্ঘ দিন ধরে কৃষি কাজ করে আসছেন।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কৃষাণ নিয়ে তার চাষকৃত জমিতে গেলে দেখতে পান জমির সমস্ত ফলন্ত লাউ গাছ মরে ঢলে পড়ে আছে। এলাকার মনুষ ধারণা করেন, রাতে কেউ এ সমস্ত গাছ কেটে ফেলেছে।

ক্ষতিগ্রস্ত আকবার সরদার বলেন, মাঝে মাঝে শত্রুতা করে আমার ফসলের অনেক ক্ষতি করে কিছু প্রভাবশালী মানুষ। কয়দিন আগে পাশের পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছিল আর এখন আমার সমস্ত ফলন্ত লাউ গাছ কেটে দিয়েছে। এতে করে আমার খরচ করা ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হলো আর এ লাউ বাজারে বিক্রি করলে প্রায় ৫ লাখ টাকা আসতো। যারা আমার এ ক্ষতি করলো তাদের বিচার চাই।

আগামীতে যেন শত্রুতা করে আর না ক্ষতি করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রয়োজন।

জমির মালিক মুন্সি খায়রুল আলম সুজন জানান, এতগুলো গাছ যারা কেটে দিল তারাতো পশুর থেকে খারাপ, আল্লাহ তাদের বিচার করবেন।

কালকিনি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত