২০১১ বিশ্বকাপ ফাইনালের বিশুদ্ধতা নিয়ে সংশয় নেই: আইসিসি

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০২:১২ এএম

আইসিসি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১১ বিশ্বকাপ ফাইনালের বিশুদ্ধতা নিয়ে কোনো সংশয় নেই তাদের। সংস্থাটির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল এও জানান, ওই ফাইনাল পাতানো ছিল এমন অভিযোগের কোনো তদন্তও করবে না তারা।

গত মাসে বিশ্বকাপের ওই সময়টায় শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে থাকা মাহিন্দানন্দা আলুথগামাগে অভিযোগ করেছিলেন, ২০১১ বিশ্বকাপ ফাইনাল পাতানো ছিল। শ্রীলঙ্কা সেই ম্যাচ ভারতের কাছে ‘বিক্রি করে’।

এনিয়ে বেশ তোলপাড় হয়েছে লঙ্কান ক্রিকেটে। পরে যদিও আলুথগামাগে সুর পাল্টে বলেন, এটা তার সন্দেহ মাত্র। তবে শ্রীলঙ্কা সরকার এনিয়ে তদন্ত শুরু করে।

লঙ্কান পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট গত সপ্তাহে আলুথগামাগের বক্তব্য রেকর্ড করে। এরপর ওই সময়ের জাতীয় দলের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা, অধিনায়ক কুমার সাঙ্গাকারা, ওপেনার উপুল থারাঙ্গাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়।

ফাইনালের সেঞ্চুরিয়ান ও সহ-অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল শুক্রবার। কিন্তু ম্যাচ পাতানোর কোনো প্রমাণ না পাওয়ার এদিনই তদন্তের সমাপ্তি টানার ঘোষণা দেয় লঙ্কান পুলিশ।

এরপর আইসিসিও তাদের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে অ্যালেক্স মার্শাল বলেন, ‘এই মুহূর্তে এমন কোনো প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করা হয়নি, যা অভিযোগটিকে সমর্থন করে বা আইসিসি দুর্নীতি দমন আইনের অধীনে তদন্ত শুরু করার যোগ্য। ২০১১ বিশ্বকাপ ফাইনালের বিশুদ্ধতা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই আমাদের।’

তিনি যোগ করেন, ‘এই ধরনের অভিযোগগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিই। এই অভিযোগের পক্ষে যদি কোনো প্রমাণ আমরা পাই, তাহলে আমাদের বর্তমান অবস্থান পর্যালোচনা করব।’

আরো পড়ুন:

‘প্রমাণ নেই’, বিশ্বকাপ ফাইনালের ফিক্সিং তদন্ত বন্ধ করল শ্রীলঙ্কা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত