বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৬:৩০ এএম

যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিয়াজুল ইসলাম (৩১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ জওয়ানরা হত্যার পর তার লাশ বাংলাদেশ ভূখণ্ডে ফেলে রেখে যায়।

রিয়াজুল বেনাপোল বন্দর থানার সীমান্তবর্তী ধান্যখোলা গ্রামের আব্দুল জব্বার ওরফে কাটু মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধান্যখোলা গ্রামের লোকজন সকালে মাঠে কাজ করতে গিয়ে রিয়াজুলের লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি বেনাপোল বন্দর থানাকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, রিয়াজুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ভারত থেকে আজ ভোরে (গতকাল) মাদক নিয়ে দেশে ফেরার সময় বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ জওয়ানরা গুলি করে তাকে হত্যা করে। পরে লাশ বাংলাদেশের ধান্যখোলা সীমান্তে ফেলে রেখে যায়। লাশের পাশে ৫ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত