করোনাকালে শিক্ষা কার্যক্রম

শিক্ষকের প্রশ্নপত্রে বাড়িতে পরীক্ষা নিচ্ছেন মায়েরা

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৬:৩৩ এএম

বিদ্যালয়ের শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করে খামে ভরে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছেন। সেই প্রশ্নে সন্তানের পরীক্ষা নিয়ে খাতা স্কুলে জমা দিচ্ছেন মায়েরা। পঞ্চগড়ের আটোয়ারী রাধানগর বালিকা উচ্চবিদ্যালয় কর্র্তৃপক্ষ করোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে এভাবেই বাড়িতে মডেল টেস্ট নিচ্ছে। গত সোমবার থেকে দশম শ্রেণির মডেল টেস্ট হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি শ্রেণির পরীক্ষা এভাবে নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, করোনায় সারা দেশের মতো গত ১৭ মার্চ থেকে বন্ধ তাদের প্রতিষ্ঠান। এতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় স্থবিরতা নেমে এসেছে। এ পরিস্থিতিতে শিক্ষকরা প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র তৈরি করে আলাদা খামে ভরে বিনামূল্যে প্রত্যেক শিক্ষার্থীর বাড়ি পৌঁছে দিচ্ছেন। অভিভাবকরা প্রশ্নপত্র যতেœ রাখছেন। প্রতিদিন রুটিন অনুযায়ী, খাম খুলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই প্রশ্নে পরীক্ষা নিচ্ছেন। মায়েরাই স্কুল পরিদর্শকের ভূমিকা পালন করছেন। ফলে এখন পঞ্চগড়ের ছাত্রীদের প্রতিটি বাড়ি হয়ে উঠেছে এক একটি পরীক্ষা কেন্দ্র।

বাড়িতে পরীক্ষার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দশম শ্রেণির ছাত্রী তামান্না আক্তার ও নাজমা আক্তার জানায়, দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় তারা পিছিয়ে পড়ছিল। স্যাররা বাড়িতে মডেল টেস্ট নিচ্ছেন। পিছিয়ে থাকা বিষয়গুলো চর্চার সুযোগ তৈরি হয়েছে। বাড়িতে মায়ের তত্ত্বাবধানে পরীক্ষা দেওয়া সত্যিই নতুন অভিজ্ঞতা। এতে এসএসসি পরীক্ষার আগাম প্রস্তুতি হচ্ছে বলেও মত তাদের।

অভিভাবক হোসেন আলী বলেন, ‘বিদ্যালয়ের চাপ না থাকায় মেয়েরা পড়ালেখা প্রায় ভুলতে বসেছিল। এখন স্যাররা বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের প্রতি তারা আস্থা রেখেছেন। আমরা কেন্দ্রের মতোই বাড়িতে পরীক্ষা নিচ্ছি।’ আরেক অভিভাবক নাসিমা খাতুন বলেন, ‘এটি খুবই ভালো উদ্যোগ। আমার মেয়ে নিয়মিত পড়ার টেবিলে বসছে। পরীক্ষার দিন যেভাবে পাঠাতাম, এখন সকাল ১০টার আগেই সেভাবে তাকে প্রস্তুত করছি। টানা তিন ঘণ্টা পাশে বসে দেখভাল করছি।’

প্রধান শিক্ষক আয়ুব আলী বলেন, ‘প্রত্যন্ত এলাকার এই বিদ্যালয়ের উন্নয়নে আমরা ২০১৩ সাল থেকে মিডডে মিল চালু করেছি। করোনায় শিক্ষার্থীদের পিছিয়ে পড়তে দিতে পারি না। এ জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ‘সরকার শিক্ষার্থীদের কথা ভেবে অনলাইনভিত্তিক ক্লাস নিচ্ছে। আটোয়ারী রাধানগর বালিকা উচ্চবিদ্যালয় কর্র্তৃপক্ষ বাড়িতে পরীক্ষা নেওয়ার যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবি রাখে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত