উত্তরপ্রদেশ-বিহারে বজ্রপাতে ৪৩ জনের মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০২০, ১০:০৮ এএম

ভারতের উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যে শনিবার বজ্রপাতের ঘটনায় কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৯ জন।

সরকারি সূত্রের বরাত দিয়ে এই সময় জানায়, উত্তরপ্রদেশের ২৩ জনের মধ্যে শুধু এলাহাবাদেই আটজন প্রাণ হারিয়েছেন।

বজ্রপাতে মৃত্যুর ঘটনায় এদিন গভীর শোকপ্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের জন্য ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি।

এর আগে ২৫ জুন উত্তরপ্রদেশে বজ্রপাতে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়।

এদিকে বিহারে বজ্রপাতে শনিবার আরও ২০ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত দশ দিনে এ রাজ্যে বজ্রপাতে মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়ে গেছে।

গত ২৫ জুন বিহারে বজ্রপাতে ৯৭ জন মারা যান।

এদিকে রবিবার পর্যন্ত রাজধানী পাটনাসহ বিহারের একাধিক শহরে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। দুর্যোগ মাথায় নিয়ে লোকজনকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

সাম্প্রতিক অতীতে বিহারে বজ্রপাতে এত মৃত্যু কখনো হয়নি।

বজ্রপাতে মৃতদের পরিবারকে চার লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত