সাভারে নারী পোশাক শ্রমিকসহ ২ জনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৮:০২ পিএম

সাভারে এক নারী গার্মেন্টস শ্রমিকসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পরে নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। 

থানা পুলিশ জানায়, রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসষ্ট্যান্ডে অগ্রদুত পরিবহনের দ্রুত গতির একটি বাসের চাপায় গুরুতর আহত হন অবনী ফ্যাশন গার্মেন্টস কারখানার শ্রমিক সুরাইয়া আক্তার (৪০)। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত নারী শ্রমিক সুরাইয়া আক্তার সাভারের বলিয়াপুর এলাকার জাহাঙ্গীর মিয়ার স্ত্রী।

অন্যদিকে সাভারের পার্শ্ববর্তী সিংগাইর আঠাবর এলাকায় মুজিবুর রহমান (৪০) নামে এক ব্যক্তি সেচ পাম্পের মেশিন চালানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ হাসতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন জানান, নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত