নামের মিলে কারাগারে থাকা সালাম ঢালীর মুক্তির আবেদন

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৯:৩১ পিএম

চোরাচালান মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি আব্দুস সালামের পরিবর্তে নিরীহ সালাম ঢালী কারাগারে আটক রয়েছেন। তার মুক্তি চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সালাম ঢালীর জন্য ক্ষতিপূরণ এবং হাইকোর্টে তার ভার্চুয়াল উপস্থিতির বিষয়ে নির্দেশনাচাওয়া হয়েছে আবেদনে।

রবিবার আইন ও সালিস কেন্দ্রের (আসক) পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এ আবেদনটি করেন। বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে সোমবার এ বিষয়ে শুনানি হতে পারে। 

এদিকে একই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি ভার্চুয়াল বেঞ্চে রিট আবেদন করেন। 

আবেদনে সালাম ঢালীর কারামুক্তির পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়। 

আসল আসামির পরিবর্তে মুদি দোকানির কারাবাস নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ সালের সেপ্টেম্বরে বাগেরহাটের মোংলা এলাকায় ইলেকট্রনিক পণ্য চোরাচালানের অভিযোগে মো. আব্দুস সালামসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিন নিয়ে আব্দুস সালাম পলাতক হন। এ মামলায় ২০০৯ সালের ৩০ জুলাই বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আব্দুস সালামকে দুই বছরের সাজা দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পনোয়ারা জারির আদেশ দেয়।

সাজা পরোয়ানার অংশ হিসেবে ১১ মার্চ রাত ১২টায় খুলনার সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার মন্ডল খুলনা সদর থানা এলাকার শের-এ-বাংলা রোডের বাসিন্দা মুদি দোকানি মো. সালাম ঢালীকে গ্রেপ্তার করেন। সালাম ঢালীর বাবার নাম মফিজ উদ্দিন ঢালী। সেই থেকে প্রায় চার মাস ধরে বাগেরহাটের কারাগারে কারাবন্দী নিরপরাধ সালাম ঢালী। সাজাপ্রাপ্ত প্রকৃত অপরাধী মো. আবদুস সালাম খুলনার সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া এলাকার মৃত শফিজ উদ্দিনের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত