অস্ত্রোপচারের জন্য লন্ডনে পাপন

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৯:৫৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন চিকিৎসার জন্য ইংল্যান্ড গেছেন। প্রোস্টেট সমস্যার জন্য লন্ডনে অস্ত্রোপচারে অপেক্ষায় তিনি।

বিসিবির অন্যতম পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে জুনের তৃতীয় সপ্তাহে লন্ডন যান পাপন। নিয়ম মেনে দুই সপ্তাহ আইসোলেশনে থাকার পর চিকিৎসকের শরণাপন্ন হন। ৮ জুলাই তার অস্ত্রোপচারের তারিখ নির্ধারন করা হয়েছে।

জালাল ইউনুস বলেন, ‘বোর্ড প্রধানের প্রোস্টেট সমস্যা পুরোনো। গত বছর বিশ্বকাপের সময়ই লন্ডনে দেখানো হয়েছিল। তখন চিকিৎসকেরা বলেছিলেন আপাতত চিকিৎসা চলুক। তবে একটা পর্যায়ে গিয়ে হয়তো সার্জারি লাগবে এবং সেটা এ বছর জুনেই নির্ধারণ করা হয়েছিল। বিসিবি সভাপতি আগে থেকে তার চিকিৎসকের সাথে যোগাযোগ করে অপারেশনের পূর্ব প্রস্তুতি নিয়ে লন্ডন গেছেন।’

এমনিতে বিসিবি সভাপতিকে মিডিয়ায় পাওয়া যেত নিয়মিত। কিন্তু গেল মার্চে দেশে করোনা আসার পর থেকে তাকে আর মিডিয়ায় পাওয়া যায়নি। শেষবার তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন গেল মে মাসের ২০ তারিখ। সেদিন জাতীয় ক্রীড়া পরিষদে বিসিবির ৫০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত