সপ্তাহ না ঘুরতেই বুড়িগঙ্গায় আবার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বুড়িগঙ্গা নদীর বাদামতলী ঘাট এলাকায় এমভি মিরাজ ৬ নামে একটি লঞ্চের ধাক্কায় ছয় যাত্রীসহ একটি খেয়া নৌকাডুবির ঘটনা ঘটেছে।
যাত্রীদের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন যাত্রী এখনো নিখোঁজ আছেন।
সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ভূইয়া জানান, রবিবার দুপুর ২টায় কেরানীগঞ্জের ইস্পাহানী ঘাট থেকে বাদামতলী ঘাট বরাবর একটি খেয়া নৌকা পার হচ্ছিল। এ সময় এমভি মিরাজ ৬ নামে একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে গেলে পাঁচ যাত্রী সাঁতরে তীরে ওঠেন। এক যাত্রী এখোনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ যাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুুবুরী দল ও সদরঘাট নৌ পুলিশের সদস্যরা।
সদরঘাট নদী ফায়ার স্টেশনের ফায়ারম্যান রবিউল ইসলাম জানান, দুপুর বেলা নৌকা থেকে একজন নদীতে পরে গেছে এমন সংবাদের ভিত্তিতে আমাদের ডুবুরী দল সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। তাকে উদ্ধার কার্যক্রম অব্যহত আছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে ২৯ জুন বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ৩৪ জন নিহত হন।
