সরকারদলীয় নেতাদের বিরুদ্ধে বললে মামলা হয়, কিন্তু বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে বললে মামলা হয় না বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হচ্ছে। এর মাধ্যমে সরকারবিরোধী মতকে দমন করা হচ্ছে। এই আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী, তার পরিবার ও সরকারদলীয় নেতাদের সমালোচনা হলে তাদের আটক করা হচ্ছে। অথচ সরকারবিরোধী কারও সমালোচনা হলে এই আইনের প্রয়োগ হয় না সমালোচনাকারীর ওপর।’
গতকাল সোমবার বিকেলে বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, মাঝেমধ্যে অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নামে বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। এ ধরনের সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ হয় না। এমনকি কোনো বিচারক স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নেয় না।
