সুশান্তর শেষ ছবির ট্রেলার কাঁদাচ্ছে

আপডেট : ০৭ জুলাই ২০২০, ১১:৫০ এএম

‘দিল বেচারা’। সহজ কিন্তু অদ্ভুত এক নাম। সুশান্ত সিং রাজপুত বড়ই আবেগী ছিলেন। হুট করে চলেও গেলেন। তার শেষ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। আর ভিডিওতে জীবন্ত সুশান্তকে দেখে কাঁদছেন ভক্তরা।

সুশান্ত ছাড়াও রয়েছেন সাঞ্জনা সাংঘি, স্বস্তিকা মুখার্জি ও সাইফ আলি খান। তবে পুরো ভিডিও জুড়ে রাজত্ব করেছেন প্রধান দুই চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন মুকেশ ছাবরা। সঙ্গে এ আর রহমানের সুর কেড়ে নেয় মন।

গতকাল ‘দিল বেচারা’ ট্রেলার মুক্তির পর থেকেই তাতে লাইকসের বন্যা, কমেন্টের ঝড়। আবেগঘন ভক্তরা। ‘কেন চলে গেলে সুশান্ত, কেন’? উঠছে হাহাকার। ট্রেলার জুড়ে সুশান্তের একগাল হাসি, অনুভূতির উঠা-নামা, তুখোড় অভিনয়ে চোখে পানি ভক্তদের।

লেখক জন গ্রিনের ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ থেকে অনুপ্রাণিত ছবিটি। ট্রেলার দেখে আন্দাজ করা যায়, নিখাদ ভালবাসার গল্প।  সুশান্তের চরিত্রের নাম ম্যানি। আর সাঞ্জনার চরিত্রের নাম কিজি। কিজি-ম্যানির নিঃশর্ত ও বিয়োগান্তক ভালোবাসার গল্প সিনেমা হল নয়, ২৮ জুলাই থেকে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত