করোনায় মৃত্যুর তথ্য গোপন করে প্রধান শিক্ষকের জানাজা

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৭:৩১ পিএম

ঝালকাঠিতে করোনায় আক্রান্ত হয়ে আবুল কায়সার নামে সাবেক এক প্রধান শিক্ষকের মৃত্যুর তথ্য গোপন করেছে পরিবারের সদস্যরা। পরে করোনা শনাক্তের কথা জানতে পেরে জানাজা ও দাফন কার্য সম্পন্ন করা স্থানীয়দের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

জেলার রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কায়সার (৭২) গত রবিবার করোনা উপসর্গ নিয়ে শের ই বাংলা মেডিকেল হসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ডায়বেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। রবিবার রাতেই তার করোনা পরীক্ষার নমুনা আইইডিসিআরে পাঠানো হলে সোমবার রাতের রিপোর্টে তার করোনা পজেটিভ ফলাফল পাওয়া যায়। করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটায় তার মৃত্যু হয়।

পরিবারের লোকজন রাতে তার মরদেহ গ্রামের বাড়ি রাজাপুরে নিয়ে আসলেও করোনায় মৃত্যুর কথা গোপন রাখে এবং মঙ্গলবার ফজরের নামাজের পর মসজিদের মাইকে স্ট্রোক জনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

মঙ্গলবার বেলা এগারোটায় রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । এতে প্রায় পাঁচ শতাধিক লোক অংশগ্রহণ করে। পরে দুপুর বারোটায় দ্বিতীয় জানাজা তার গ্রামের বাড়ি উপজেলার কৈবর্তখালী গ্রামে অনুষ্ঠিত হয়। সেখানেও কয়েকশত লোক অংশগ্রহণ করে।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান বলেন, যেহেতু বরিশাল শের ই বাংলায় আক্রান্ত ব্যাক্তির মৃত্যু হয়েছে তাই আমাদের কাছে করোনায় মৃত ব্যাক্তির তথ্য ছিল না। তাছাড়া তার পরিবারও আমাদেরকে বিষয়টি জানায়নি। জানাজায় লোক সমাগম করে থাকলে সেখান থেকে করোনা ছড়াতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত