শোয়েবকে ভয় পেতেন শচিন, নিজের বিশ্বাস থেকে সরেননি আফ্রিদি

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৩:৩০ এএম

৯ বছর আগে বলা কথা আবার পুনর্ব্যক্ত হলো শহীদ আফ্রিদির কণ্ঠে। ২০১১ সালে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেছিলেন, শোয়েব আখতারের মুখোমুখি হতে ভয় পেতেন শচিন টেন্ডুলকার। এতদিন পরও নিজের সেই বিশ্বাস থেকে সরেননি তিনি।

২০১১ সালে শোয়েব নিজের আত্মজীবনী ‘কন্ট্রোভার্সালি ইয়োরস’ বইতে দাবি করেন, শচিন তার বল খেলতে ভয় পেত। তখন আফ্রিদি তাকে সমর্থন করেন।

সম্প্রতি এক অনলাইন ‘চ্যাট শো’তে পাকিস্তানের টিভি উপস্থাপিকা ও সাংবাদিক জয়নাব আব্বাস আফ্রিদিকে জিজ্ঞেস করেছিলেন, ৯ বছর আগের সেই মন্তব্যকে তিনি এখনো সমর্থন করেন কি না?

উত্তরে আফ্রিদি বলেন, ‘দেখুন, শচিন নিজে তো কখনো স্বীকার করবে না যে ও আখতারকে খেলতে ভয় পেত। তবে আখতারের কিছু স্পেল সত্যিই এমন ছিল যে, শুধু শচিন নয়, বিশ্বের সেরা সব ব্যাটসম্যানরাই খেলতে ভয় করত।’

আফ্রিদি আরো বলেন, ‘যখন আপনি মিড-অফ অথবা কভারে ফিল্ডিং করেন, তখন এটা আপনার চোখে পড়বেই। আপনি ব্যাটসম্যানের শরীরী ভাষা বুঝতে পারবেন। এটা সহজেই বোঝা যায় যে ব্যাটসম্যান চাপে আছে। স্বাভাবিকভাবেই তখন সেরাটা দেওয়া তার পক্ষে সম্ভব হয় না। আমি এটা বলছি না যে, শোয়েব আখতার সমসময় শচিনকে ভয় ধরিয়ে দিত। তবে কখনো কখনো কোনো স্পেলে শচিনসহ বিশ্বের সেরা ব্যটসম্যানদের ব্যাকফুটে ঠেলে দিত আখতার।’

মাত্র ক’দিন হলো করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন আফ্রিদি। করোনা থেকে সুস্থ হয়ে উঠতে না উঠতেই দ্বিতীয়বারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে আক্রমণ করলেন পাকিস্তানি তারকা।

এর আগে একটি ইউটিউব চ্যানেলে বলেন, একটা সময় পাকিস্তান ক্রিকেটে ভারতকে এতবার হারাত যে ভারতীয়রা মাফ চাইত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত