বিদেশি বিনিয়োগ নীতিমালা আরও সহজ হলো

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৬:৪১ এএম

বৈদেশিক বিনিয়োগ নীতিমালা আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি প্রতিষ্ঠানগুলো চাইলে লভ্যাংশের অর্থ বাইরে না পাঠিয়ে বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাব খুলে সেখানে রাখতে পারবে। এফসি হিসেবে রাখা এই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করতে পারবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে নানা উদ্যোগের অংশ হিসেবে এই শিথিলতা আনল বাংলাদেশ ব্যাংক। গতকাল এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

সাম্প্রতিক সময়ে, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষ করে যারা চীন ছাড়ার পরিকল্পনা করছে তাদের আকর্ষণে বেশ কিছু বৈদেশিক বিনিয়োগ নীতিমালায় শিথিলতা এনেছে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালা সহজীকরণের অংশ হিসেবে কিছু শর্ত পরিপালন সাপেক্ষে অতালিকাভুক্ত কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা গতকালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা প্রদেয় লভ্যাংশ এখন থেকে এফসি হিসাব খুলে সেখানে জমা রাখতে পারবেন। তবে এই অর্থ যে লভ্যাংশ থেকে পাওয়াÑ ব্যাংক থেকে তা নিশ্চিত হতে হবে। চাইলে তিনি এই অর্থ পুনঃবিনিয়োগ করতে পারবেন। তবে বিনিয়োগের ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ এবং পরিসংখ্যান বিভাগকে অবহিত করতে হবে। এছাড়া বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিমালার সব ধরনের নীতিমালা অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, করোনাভাইরাসের এ সংকট পরবর্তী অর্থনীতির গতি-প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন আসছে। এ সময়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষত চায়না থেকে বড় ধরনের বিনিয়োগ পাওয়ার আশায় রয়েছে সরকার। এরকম প্রেক্ষাপটে বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ নেওয়াসহ বিভিন্ন নীতিমালা সহজীকরণ করা হচ্ছে। বর্তমান নিয়মে কোনো ধরনের অনুমোদন ছাড়াই বিদেশি বিনিয়োগকারীর লভ্যাংশের পুরোটাই নিয়ে যেতে পারেন। আগে এক্ষেত্রে নানা বিধিনিষেধ ছিল। অবশ্য অর্থ প্রত্যাবাসনের ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টসহ বাংলাদেশ ব্যাংকে অবহিত করতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত