কুষ্টিয়ায় করোনা আক্রান্ত আরও ৪ রোগীর মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৩:৪১ পিএম

কুষ্টিয়ায় কভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে বুধবার দুপুর পর্যন্ত কুষ্টিয়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে নিজবাড়িতে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস।

মৃতদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের মা’সহ তিনজনই নারী এবং একজন পুরুষ। তাদের বয়স ৫০ থেকে ৭০র মধ্যে।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, করোনায় মৃত চারজন হলেন-  কুষ্টিয়া পৌরসভার ত্রিমোহনী, কমলাপুর, স্টেডিয়ামপাড়া বা কালীশংকরপুরের বাসিন্দা। এ পর্যন্ত জেলায় ১৯ জন করোনায় মারা গেলেন।

একদিকে হু হু করে বাড়ছে আক্রন্তের সংখ্যা অন্যদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছেন শহরের ব্যবসায়ীরা। এতে বিশেষ করে কুষ্টিয়া সদর উপজেলার পৌর ও শহর এলাকার মানুষের মাঝে চরম শঙ্কা ছাড়াও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত জেলায় কভিড রোগীর সংখ্যা ৮১৫জনে দাঁড়িয়েছে।

দীর্ঘ ২ সপ্তাহ লকডাউন শেষে বুধবার সকাল ১০টা থেকে কুষ্টিয়া ও ভেড়ামারা পৌরসভায় খুলে দেয়া হয়েছে সব ধরনের দোকানপাট ও শপিংমল। মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভা থেকে এই সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক আসলাম হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত