মার্চে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের মৌসুম মাঠে গড়িয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে এক রাউন্ড হতেই তা স্থগিত হয়ে যায়। এদিকে করোনার প্রকোপে মাঠে খেলা না থাকায় খেলোয়াড়রা বেকার বলা যায়। উপার্জনের পথ বন্ধ। এ অবস্থায় স্থগিত থাকা প্রিমিয়ার লিগের পাওনা টাকা পরিশোধের দাবি উঠেছে ক্রিকেটারদের পক্ষ থেকে।
এ বছর প্রিমিয়ার লিগের দল বদল হয়েছিল আগের মতো উন্মুক্ত পদ্ধতিতে। নিয়ম অনুযায়ী যাতে সব ক্লাবেরই খেলোয়াড়দেরকে চুক্তির ৫০ শতাংশ অর্থ শুরুতেই পরিশোধ করার কথা। কিন্তু শীর্ষ ক্লাবের কিছু শীর্ষ খেলোয়াড় ছাড়া বেশিরভাগ ক্লাবের খেলোয়াড়রাই তা পাননি।
তাই মঙ্গলবার ক্রিকেটারদের সংগঠন- ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর অনলাইন সভায় ক্রিকেটারদের পক্ষ থেকে এই পাওনা টাকা নিয়ে আলোচনা হয়েছে। কোয়াব বিসিবিকে অনুরোধ করেছে, ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার।
এ ছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ঘরোয়া ক্রিকেট ফিরলে সেটা যেন স্থগিত থাকা প্রিমিয়ার লিগ দিয়েই হয়, সে ব্যাপারে অনুরোধ করা হয় কোয়াবের পক্ষ থেকে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ পরিস্থিতি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে কোয়াব প্রেরিত বিবৃতিতে।
এ ছাড়া ক্রিকেটারদের অনুশীলনে ফেরানো বা আন্তর্জাতিক সিরিজের ব্যাপারেও আলোচনা হয়েছে কোয়াবের সভায়। এ ব্যাপারে খেলোয়াড়রা বিসিবির ওপরও সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন।
