৪ আড়তকে জরিমানা

ফেনীতে ৫ টন মাগুর মাছ জব্দ

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০৭:০৪ এএম

ফেনীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ ও ৪ আড়তদারকে জরিমানা করেছে। গতকাল বুধবার সকালে ফেনী পৌর মৎস্য আড়তে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই আড়তে অভিযান চালানো হয়। এ সময় ৪টি আড়ত থেকে বিক্রি নিষিদ্ধ ৫টন আফ্রিকান মাগুর জব্দ করা হয়। এসব মাছ মজুদ ও বিক্রির দায়ে মেসার্স মা মৎস্য আড়তকে ৪ হাজার, পদ্মা, জননী ও নোয়াখালী মৎস্য আড়তকে ৩ হাজার করে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দ করা মাছ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে রানীরহাট হিজড়া পল্লী, লালপোল ও রানীর হাট বেদে পল্লী, ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প ও এতিমখানা এবং ভ্রাম্যমাণ ছিন্নমূল মানুষের মধ্যে বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, আফ্রিকান মাগুর মাছের আমদানি, বিপণন ও উৎপাদন নিষিদ্ধ। অভিযানের সময় ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত