ভার্চুয়াল আদালত ব্যবস্থাপনায় আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আইন মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা বারের আইনজীবীদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ১২ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে সারা দেশের সব জেলার সরকারি আইন কর্মকর্তা (জিপি-পিপি) ও সাধারণ আইনজীবীদের ‘ভার্চুয়াল আদালত পদ্ধতি ব্যবহারে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ অনলাইন প্রশিক্ষণ দেওয়া হবে।
গত বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়, ভার্চুয়াল পদ্ধতির বিষয়ে কারিগরি জ্ঞান ও দক্ষতা না থাকায় অধিকাংশ আইনজীবীদের এ পদ্ধতিতে বিচার কার্যক্রমে অংশগ্রহণে অসুবিধা হচ্ছে। এমন পরিস্থিতিতে জার্মান উন্নয়ন সংস্থার (জিআইজেড) কারিগরি সহায়তায় ডিজিটাল কার্যক্রমে আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে গেল মার্চের শেষ সপ্তাহে ছুটি ঘোষণার পর ভার্চুয়াল পদ্ধতিতে উচ্চ ও অধস্তন আদালতে সীমিত পরিসরে মামলার শুনানির উদ্যোগ নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। গত ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠকে ‘আদালত কর্র্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’-এর খসড়া অনুমোদন লাভ করে। এরপর ৯ মে এ সম্পর্কিত অধ্যাদেশ জারি করা হয়। গত ১১ মে থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সুপ্রিম কোর্টের নির্দেশনা আনুযায়ী উচ্চ ও অধস্তন আদালতে সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম চলছে।
অধস্তন আদালতে শুধু হাজতি আসামিদের জামিন শুনানি, চেক ডিজঅনার মামলার আবেদন, ফৌজদারি আসামির রিমান্ড শুনানির আবেদন, দেওয়ানি মামলার আবেদন ও আপিল গ্রহণ হচ্ছে। উচ্চ আদালতে বেশকিছু বেঞ্চে সীমিত আকারে মামলার শুনানি ও আদেশ হচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের এক নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল আদালত চলবে। দীর্ঘ দিন আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকায় জীবিকার প্রশ্নে এবং আইনজীবীদের বেশিরভাগের ভার্চুয়াল আদালত নিয়ে অনভ্যস্ততা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত উপকরণ না থাকায় আদালত চালুর দাবি জানিয়ে আসছেন উচ্চ ও অধস্তন আদালতের আইনজীবীরা। এদিকে দুর্যোগকালে কিংবা বিশেষ পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার বিধান রেখে জাতীয় সংসদে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল-২০২০’ গত বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে।
