নৌ-নীতিমালা অনুযায়ী জাহাজ পরিচালনা করাসহ ৬ দফা দাবি জানিয়েছে ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)। গতকাল বৃহস্পতিবার বিজয়নগরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির আহ্বায়ক নূরুল হক এসব দাবি তুলে ধরেন।
লিখিত বক্তব্যে নূরুল হক বলেন, ‘করোনাকালে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য পরিবহনে সিরিয়ালবিহীন জাহাজ চলার কারণে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। কোনো কোনো জাহাজ মাসে ৫-৬টি ট্রিপ পায় আর কোনোটি দুই মাসেও পায় না। সরকার ২০১৩ সালে ৮ জুলাই পণ্যবাহী জাহাজ চলাচলের নীতিমালার গেজেট প্রকাশ করে। সেই অনুযায়ী জাহাজ চলার কথা। কিন্তু বিভিন্ন কলকারখানার মালিকরা নিজস্ব জাহাজ দিয়ে সিরিয়ালবিহীনভাবে পণ্য পরিবহন করছে। অথচ নীতিমালায় তাদের নিজস্ব জাহাজে আমদানি পণ্যের ৫০ শতাংশ পরিবহনের কথা বলা হয়েছে। ফ্যাক্টরি মালিকরা সিরিয়াল অনুসরণ না করে নামে-বেনামে ভাড়া জাহাজে পণ্য পরিবহন করছে। এতে ডব্লিউটিসির নীতিমালা অনুযায়ী চলা জাহাজ মালিক-শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
