তিন মেয়ের সঙ্গে এক গানে ডলি সায়ন্তনী

আপডেট : ১০ জুলাই ২০২০, ১০:০৩ এএম

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনী প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান। তার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন তিন মেয়ে কথা, রিমঝিম ও ফাইজা।

গানটির শিরোনাম ‘পারিনি ভুলতে’। ইংরেজি ও বাংলার সংমিশ্রণে তৈরি গানটির সংগীত করেছেন আকাশ মাহমুদ। সংগীত পরিচালক সুমন কল্যাণের ডি স্টেশন স্টুডিওতে রেকর্ডিং হয়েছে বৃহস্পতিবার।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ‘হে যুবক’-খ্যাত গায়িকা বলেন, “মেয়েরাও আমার মতো গানপাগল। অনেক দিনের ইচ্ছা ছিল ওদের সঙ্গে একটা গান করার। এবার সেই ইচ্ছা পূরণ হলো। সুন্দর একটা গান হয়েছে। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।”

এটিই ডলির তিন মেয়ের প্রথম মৌলিক গান। রিমঝিম ও ফাইজা রয়েছেন ঢাকায়। অন্যদিকে কথা মালয়েশিয়ায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি ভয়েস দিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত