কাশ্মীরে নিরাপত্তা হেফাজতে মৃত্যু তদন্তের আহ্বান জাতিসংঘ কর্মকর্তাদের

আপডেট : ১০ জুলাই ২০২০, ০১:৪৩ পিএম

জম্মু-কাশ্মীরে মুসলিমদের ওপর নির্যাতন ও পুলিশি হেফাজতে হত্যার তদন্ত চান জাতিসংঘের কর্মকর্তা। এ ব্যাপারে তারা ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন জানায়, জাতিসংঘের চারজন বিশেষ প্রতিনিধি ২০১৯ সালের জানুয়ারি থেকে কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হেফাজতে হত্যার তদন্ত করতে বলেছে। 

এই ব্যাপারে মে মাসের শুরুতে ভারত সরকারের কাছে একটি প্রতিবেদনও পাঠান তারা। কাশ্মীরে মুসলিমদের আইনবহির্ভূত আটক, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের কয়েকটি অভিযোগ আনা হয় এতে। 

প্রতিবেদনটি এই সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন (ওসিএইচসিআর) তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে।

কাশ্মীরে চলমান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে প্রতিবেদনটিতে বলা হয়, আমরা সেখানে মানুষকে গ্রেপ্তার, তাদের ওপর নিরাপত্তা বাহিনীর অন্যায় আচরণ এবং মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

 এক ডজনের বেশি ঘটনায় তারা এসব মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছেন বলে জানায়। যার মধ্যে চারজনের মৃত্যু হয়েছে সরকারি বাহিনীর নির্যাতনের ফলে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে নির্বিচারে হত্যা, সরকারি বাহিনীর নির্যাতন ও অন্যায় আচরণের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চালিয়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে নয়াদিল্লিকে আহ্বান জানান জাতিসংঘের কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত