করোনায় ফরিদপুরের আরেক পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৮:৫৪ পিএম

করোনা ভাইরাসে মারা গেলেন ফরিদপুরের আরেক পুলিশ সদস্য। বৃহস্পতিবার রাত ১২টার ৪০ মিনিটের দিকে ঢাকার ইমপালস হাসপাতালে মারা যান তিনি।

ওই পুলিশ সদস্যের নাম আবুল খায়ের (৬০)। তিনি কনস্টেবল হিসেবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয় নগর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আবুল খায়ের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা।

প্রসঙ্গত, আবুল খায়ের কোভিটে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ফরিদপুর পুলিশের দ্বিতীয় সদস্য। এর আগে গত ৩০ জুন মারা যান পুলিশ সদস্য হাফিজুর রহমান (৫৩)। তিনি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ফরিদপুর সদর কোর্টে কর্মরত ছিলেন।

আবুল খায়ের গত সেপ্টেম্বর মাসে তিনি কনস্টেবল হিসেবে জয় নগর পুলিশ ফাঁড়িতে বদলি হয়ে আসেন। আগামী ৩১ জুলাই তার বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় ওইদিন থেকে তার অবসরজনিত ছুটিতে যাওয়ার কথা ছিল।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, আবুল খায়ের আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। তার শরীরে করোনারভাইরাসজনিত উপসর্গ দেখা দেওয়ায় গত ২০ জুন করোনা পরীক্ষা করে নেগিটিভ আসে। অসুস্থ হয়ে পড়লে তাকে গত ২৮ জুন ফরিদপুর পাঠানো হয়। ফরিদপুর থেকে গত ৩০ জুন তাকে ঢাকায় পুলিশ পরিচালিত বেসরকারি হাসপাতাল ইমপালস-এ পাঠানো হয়।

সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ঢাকায় দ্বিতীয় দফা পরীক্ষা করে আবুল খায়েরের করোনা শনাক্ত হয়। তিনি বলেন, আবুল খায়েরকে স্বাস্থ্যবিধি মেন তার গ্রামের বাড়িতে দাফন করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত