পুলিশের কাছ থেকে ছুটে যমুনায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

আপডেট : ১০ জুলাই ২০২০, ১০:২৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি হাটখোলা এলাকার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে পুলিশের হাত থেকে ছুটে মাজেদা বেগম (৫৫) নামে এক নারী যমুনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। অনেক খোঁজাখুঁজি করেও গত ২৪ ঘন্টায় তাকে খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ মাজেদা বেগম একটি গুম মামলার বাদী। তিনি উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইসলামপুর গ্রামের হাচেন আলী মোল্লার স্ত্রী।

জানা যায়, গত ৪ মাস আগে মাজেদা বেগম স্বামী হাচেন আলী, বড় ছেলে রডমিস্ত্রী মোক্তার হোসেন ও তার স্ত্রী সালমা খাতুনকে নিয়ে শাহজাদপুর উপজেলার কৈজুরী বাজারের মোশারফ হোসেনের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে উল্লাপাড়া ও শাহজাদপুর থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে হাচেন আলী ও মাজেদা বেগমকে ধরে নিয়ে যাওয়ার সময় ভয়ে পুলিশি গ্রেপ্তার এড়াতে তনি যমুনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। এরপর এলাকাবাসি ও পুলিশের একাধিক টিম অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। সেই থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে উল্লাপাড়া থানার ওসি দীপক কুমার দাস জানান, উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইসলামপুর এলাকার বাসিন্দা মাজেদা বেগমের ৪র্থ ছেলে শাহীন মাদক ব্যবসায়ী। কিছুদিন আগে উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা ও মাটিকোরা এলাকার  হোসেন, হাসান, মনসুর ও শাহিনসহ কয়েকজনকে ইয়াবাসহ  আটক করা হয়। এরপর কৌশলে সে পালিয়ে গেলেও তার ইয়াবার চালান তাদের কাছে থেকে যায়। ফলে তাদের ফাঁসাতে মাজেদা বেগম বাদী হয়ে গত ৪ জুলাই ছেলে শাহীনকে গুম করার অভিযোগে তাদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে।

এ মামলায় একই এলাকার মিন্টু ও জহুরুলকে সাক্ষী করা হয়। কিন্তু রহস্যজনক কারণে বাদী ও সাক্ষীরা আদালতে হাজির না হওয়ায় তাদের নামে আদালত সমন জারি করে। ফলে উল্লাপাড়া থানা পুলিশ তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বের হয়ে আসে। পরে মিন্টু ও জহুরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ওই জবানবন্দি অনুযায়ী মিন্টুকে সাথে নিয়ে শাহজাদপুর ও উল্লাপাড়া থানা পুলিশ যৌথভাবে কৈজুরির ওই বাড়িতে অভিযান চালিয়ে হাচেন ও মাজেদাকে নিয়ে শাহীনকে উদ্ধারে বের হলে মাজেদা যমুনা নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। 

তিনি দাবি করেন, মাজেদা নিখোঁজ নয়, পালিয়ে গেছেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, গুম মামলার ভিকটিম শাহীনকে উদ্ধারে যাওয়ার সময় মাজেদা বেগম নদীতে ঝাঁপ দেয়। সেই থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পুলিশ তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত