চ্যাম্পিয়নস লিগ ড্র চূড়ান্ত

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৭:০৫ এএম

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে গতকাল। এখনো বাকি চ্যাম্পিয়নস লিগের প্রি-কোয়ার্টারের দ্বিতীয় লেগের চার ম্যাচ। তা হওয়ার আগেই জানা গেল কোয়ার্টার ফাইনালে কোন দল কার মুখোমুখি হতে পারে বা হয়েছে। শেষ ষোলোর বাকি থাকা চার ম্যাচ হবে নিজেদের মাঠেই তাও নিশ্চিত করেছে উয়েফা। আর কোয়ার্টার থেকে ফাইনাল সব ম্যাচ লিসবনে।

জুভেন্তাস ও লিঁওর ম্যাচে জয়ী দল খেলবে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটির মধ্যে জয়ী দলের সঙ্গে। প্রি-কোয়ার্টারে জুভেন্তাস প্রথম লেগে লিঁওর মাঠে ১-০ গোলে হেরেছে। আর রিয়াল মাদ্রিদ প্রথম লেগে আগেই নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছে ম্যানসিটির বিপক্ষে। অর্থাৎ জুভেন্তাস ও রিয়াল মাদ্রিদ যদি কোয়ার্টার ফাইনালে ওঠে, তবে সাবেক ক্লাবের মুখোমুখি হবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ আট নিশ্চিত করা আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ লাইপজিগ। নাপোলি ও বার্সেলোনার জয়ী দল খেলবে চেলসি ও বায়ার্ন মিউনিখের ম্যাচে জয়ী দলের বিপক্ষে। বার্সা প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল নাপোলির মাঠে, আর চেলসির বিপক্ষে স্টামফোর্ড ব্রিজে ৩-০ গোলের জয়ে কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছে বায়ার্ন। তাই বলাই যায় কোয়ার্টারে উঠলে মেসির বার্সার সামনে পড়বে কঠিন প্রতিপক্ষই। শেষ কোয়ার্টার ফাইনালে ফরাসি ক্লাব পিএসজি খেলবে এই মৌসুমে চমক দেওয়া দল আতালান্তার বিপক্ষে। 

ফিরতি লেগ নিজেদের মাঠে : ইউরোপজুড়ে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় উয়েফা নিশ্চিত করেছে, ক্লাবগুলোর নিজ নিজ মাঠেই খেলবে শেষ ষোলোর বাকি ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত