ফিরতে চাইলে কানেরিয়াকে ইসিবিতে আবেদনের পরামর্শ পিসিবির

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৮:০৩ পিএম

ঘরোয়া বা ক্লাব ক্রিকেটে ফিরতে চাইলে দানিশ কানেরিয়াকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে (ইসিবি) আবেদন করার পরামর্শ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০১২ সালে ইংলিশ কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে খেলার সময় ম্যাচ পাতানোর দায়ে আজীবন নিষিদ্ধ হন কানেরিয়া। পিসিবিও সেই নিষেধাজ্ঞায় সমর্থন জানায়।

সম্প্রতি জীবিকার তাগিদে ক্রিকেটে ফিরতে চেয়ে পিসিবির সহায়তা চেয়েছিলেন কানেরিয়া। কিন্তু সংস্থাটি জানিয়ে দিয়েছে, এখানে তাদের কিছু করার নেই। যে বোর্ড নিষেধাজ্ঞা দিয়েছে তাদের কাছেই আবেদন করতে হবে।

শুক্রবার এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘আজীবন নিষেধাজ্ঞা দিয়েছিল ইসিবি এবং আইসিসি আর পিসিবির দুর্নীতি বিরোধী আইনের ৯ ধারা অনুযায়ী সব আইসিসি সদস্য এটা সমর্থন করেছে। কেবল মাত্র আপিলের মাধ্যমে এটা বদলানো যেতে পারে।’

কানেরিয়াকে উদ্দেশ্য করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘ইসিবির দুর্নীতি বিরোধী ৬.৮ নম্বর অনুচ্ছেদে বলা আছে, দুর্নীতি দমন ট্রাইবুন্যাল একজন খেলোয়াড়কে নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করেছে, ফলে তারাই শুধু ওই খেলোয়াড়কে খেলার অনুমতি দেওয়ার বিষয়টা বিবেচনা করতে পারে। আপনাকে তাই ইসিবির দুর্নীতিবিরোধী নিয়ম অনুযায়ী তাদের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হলো।’

৩৯ বছর বয়সী লেগ স্পিনার কানেরিয়া পাকিস্তানের হয়ে ৬১ টেস্ট ও ১৮ ওয়ানডে খেলেছেন। নিষিদ্ধ হওয়ার আগে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেন তিনি ২০১০ সালে ইংল্যান্ড সফরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত