পুলিশ ও দম্পতিসহ সড়কে প্রাণ গেল ৬ জনের

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৬:৪৫ এএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু, পুলিশ ও দম্পতিসহ ছয়জন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে রাজধানীর পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দম্পতি, কিশোরগঞ্জে প্রাইভেটকার চাপায় এক শিশু ও গাজীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :

ঢাকা : পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। এর মধ্যে বনানীর সেতু ভবনের সামনে শনিবার সকালে গাড়িচাপায় আবুল হোসেন দুলাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া এইদিন দুপুরে কেরানীগঞ্জের সোনাকান্দা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. খাইরুল ইসলাম (২৬) নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে সেতু ভবনে ঢোকার জন্য রাস্তা পার হচ্ছিলেন দুলাল। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান টিটু জানান, শনিবার দুপুর ২টার দিকে মোটরসাইকেলে করে সরকারি ডাক নিয়ে মিল বেরাক যাচ্ছিলেন খাইরুল ও মাসুদ। পথে একটি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই দুজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা খাইরুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

কুমিল্লা : দেবীদ্বারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গত শুক্রবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের হোসেনপুর উইলসন কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার সুলতানপুর গ্রামের আবু তাহের (৬৫) ও তার স্ত্রী জোবেদা খাতুন (৬০)। মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. আব্দুর রব জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে উঠতে গিয়ে হোসেনপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী অটোরিকশাটির। এতে চালকসহ ছয়জনের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। 

গাজীপুর : কালীগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দীনা জেসমিন (৩৮) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের পিপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেসমিন উপজেলার খলাপাড়া এলাকার কোরবান আলীর স্ত্রী। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, শনিবার সকাল ৭টার দিকে সাভারের রপ্তানি থেকে ভৈরবগামী বাদশা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একই পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জেসমিনকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ : কটিয়াদীতে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকার চাপায় মো. বিজয় (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিজয় ওই এলাকার মো. পলাশ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিল থেকে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে ভোগপাড়া এলাকায় একটি প্রাইভেট কার বিজয়কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় বিজয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সোবহান জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত