ট্রাম্প অভিনীত অংশ বাদ দিতে অস্বীকৃতি বেন স্টিলারের

আপডেট : ১২ জুলাই ২০২০, ১১:৫৬ এএম

নতুন কোনো সিনেমা নয়। সেই ২০০১ সালে মুক্তি পাওয়া ‘জুল্যান্ডার’ থেকে ডোনাল্ড ট্রাম্পকে বাদ দেওয়ার দাবি উঠেছে হালে। কিন্তু ভক্তদের কথা কানে নিয়ে পুরোনো সিনেমা সম্পাদনায় রাজি নন অভিনেতা বেন স্টিলার।

দ্য ডেইলি বিস্টের পডকাস্ট শো ‘দ্য নিউ অ্যাবনরমাল’-এ সম্প্রতি অতিথি হয়ে আসেন বেন। সেখানে ট্রাম্পের অভিনীত অংশ বাদ দেওয়া দাবি নিয়ে কথা বলেন।

‘জুল্যান্ডার’-এ ছোট একটি অংশে অভিনয় করেন ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সেখানে দেখা যায়, ভিএইচওয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডসের রেড-কার্পেটে ছবি মূল চরিত্র আত্মপ্রেমী মডেল ডেরেক জোল্যান্ডারকে নিয়ে আলোচনা করছেন তারা।

বেন স্টিলারের মতে, এই দৃশ্য যে সময়ের ঘটনা, তার নিরিখে ঠিকই আছে। একে সম্পাদনা করে বাদ দেওয়ার কিছু নেই।

শুধু ‘জুল্যান্ডার’ই নয় আরও কিছু সিনেমা ও শোতে অভিনয় করেন ট্রাম্প। সিনেমার মধ্যে আছে হোম অ্যালোন টু: লস্ট ইন নিউইয়র্ক, টু উইকস নোটিশ, দ্য লিটল র‌্যাসকেলস ও সেলিব্রিটি। এ ছাড়া দ্য ফ্রেশ প্রিন্স অব বেল এয়ার, স্পিন সিটি, সেক্স অ্যান্ড দ্য সিটি, স্যাডেনলি সুসান, দ্য ড্র ক্যারি শো, অল মাই চিলড্রেন, দ্য ন্যানির মতো সিরিজে অভিনয় করেছেন। একটি রিয়্যালিটি সিরিজের নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করেন তিনি।

সম্প্রতি ট্রাম্পবিরোধী একটি অংশ এ সব সিরিজ ও সিনেমা সম্পাদনা করে তাকে বাদ দেওয়ার দাবি তুলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত