ডিআরএসে ‘আম্পায়ার্স কল’ তুলে দেওয়ার দাবি শচিনের

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৩:৪৭ এএম

এলবিডব্লুয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো দল যদি সন্তুষ্ট না হয়ে ডিআরএস নেয়, সে ক্ষেত্রে ‘আম্পায়ার্স কল’ এর অপশন বাতিলের দাবি জানিয়েছেন শচিন টেন্ডুলকার। সেই সঙ্গে বলের কত ভাগ অংশ স্টাম্পে লেগেছে, কত ভাগ লাগেনি এই হিসেবও চান না সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। তার মতে রিভিউয়ের ক্ষেত্রে বল সামান্য স্টাম্পে লাগলেই আউট দেওয়া উচিত ব্যাটসম্যানকে।

ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার সঙ্গে টুইটারে আড্ডায় শচিন বলেন, ‘বলের কত শতাংশ উইকেটে লাগছে, সেটা গুরুত্বপূর্ণ না। ডিআরএসে যদি দেখা যায় বল উইকেটে লাগছে, তাহলে আউট দেওয়া উচিত। সে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত যাই হোক না কেন। ক্রিকেটে প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্য সেটাই। প্রযুক্তি ১০০ শতাংশ নির্ভুল না। তবে মানুষেরও ভুল হয়।’

টেনিসের উদাহরণ টানেন কিংবদন্তি, ‘এলবিডব্লুয়ের ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদল করতে গেলে বলের ৫০ শতাংশেরও বেশি উইকেটে লাগতে হবে। ব্যাটসম্যান বা বোলারের ডিআরএস নেওয়ার একমাত্র কারণ হল, তারা মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে খুশি নন। তাই তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টি গেলে প্রযুক্তির সাহায্য নেওয়া উচিত। টেনিসে যেমন প্রযুক্তির মাধ্যমে বলে দেওয়া হয়, বল কোর্টের বাইরে গিয়েছে বা লাইনের মধ্যেই পড়েছে, মাঝামাঝি কিছু নেই, ক্রিকেটেও একইরকম নিয়ম চালু হওয়া উচিত।’

টেন্ডুলকারের কথায় সুর মিলিয়ে লারা বলেন, ‘তোমার কথায় যুক্তি আছে। কারণ একই ডেলিভারির ক্ষেত্রে আম্পায়ার আউট দিলে রিভিউয়ের সিদ্ধান্ত একরকম হয়, আউট না দিলে আরেকরকম। আমার মনে হয়, এটি যখন ক্রিকেটের অংশই হয়ে উঠেছে, আমি এটি রেখে দেওয়ার পক্ষে। তবে এটিকে আরও নিখুঁত করে তোলা উচিত বা যতটা সম্ভব।’

শচিন সমর্থন পাচ্ছেন সাবেক সতীর্থ হরভজন সিংয়েরও। তিনি বলেছেন, ‘পাজি, তোমার সঙ্গে শতভাগ একমত। তুমি ঠিক বলেছ। বল যদি উইকেটে লাগে বা উইকেট ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই আউট দেওয়া উচিত। বলের কত শতাংশ উইকেটে লাগছে, সেটা গুরুত্বপূর্ণ না। খেলার উন্নতির জন্য কিছু নিয়ম বদল করা উচিত। এই নিয়ম অবশ্যই তার মধ্যে একটা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত