গাজীপুরে একটি সেতু উদ্বোধন, একটি সেতু এবং একটি স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। গত শনিবার বিকেলে তিনি এসব স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল বারেক জানান, সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় তুরাগ নদীর ওপর ৯০ মিটার দৈর্ঘ্য ও ৯ দশমিক ৮ মিটার প্রস্থের ‘শহীদ কফিল উদ্দিন’ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। এ সময় সাংসদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসিন, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী সাকেশ্বর বাজার এলাকায় তুরাগ নদীর ওপর নির্মিত ‘সামসুল হক সেতু’ উদ্বোধন করেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন।
বিকেলে মন্ত্রী সাকেশ্বর এসকে উচ্চ বিদ্যালয়ের তিনতলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
