বিএসএফের ১২ জনকে ‘পুশ-ইনের’ চেষ্টা ভেস্তে দিল বিজিবি

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৮:৫৫ এএম

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের চেষ্টা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা সদরের হাকর সীমান্তের ২০৩৯/১২-এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এসএম মেহেদী হাসান জানান, শনিবার থেকে নারী-শিশুসহ ১২ জন ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের শূন্যরেখায় একটি পরিত্যক্ত বাড়িতে আটকা পড়ে আছেন। এদের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন।

তিনি জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ওই সীমান্ত এলাকা দিয়ে এই ১২ জনকে বাংলাদেশে ঢোকানো চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির টহল দল তাদের বাংলাদেশে অনুপ্রবেশে বাধা দেয়।

বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘ওইদিন সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক করেও কোনো সমাধান না আসায় সীমান্তে টহল জোরদার করা হয়েছে।’

তিনি বলেন, ‘পতাকা বৈঠকে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে- তারা ভারতের অংশ থেকে ঢুকেছে এবং তাদের কাছে বাংলাদেশি কোনো পরিচয়পত্র নেই। যেহেতু ভারতের অংশ থেকে এসেছে, সেহেতু ধরেই নেওয়া যায় এরা ভারতের লোক।’

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির কসবার কোম্পানি কমান্ডার সুবেদার করিম উদ্দিন প্রধান এবং ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কমলাসাগর বিএসএফ ক্যাম্পের পরিদর্শক প্রবেশ কুমার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত