মৌলানা আজাদের সঙ্গে আমিরের কী সম্পর্ক?

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৪:০৮ পিএম

বলিউড অভিনেতা আমির খানের ছোট ছেলের নাম আজাদ রাও খান। এর পেছনে পারিবারিক ইতিহাস রয়েছে। কারণ মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত নায়ক একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর বংশধর, যার নামের শেষ অংশ আজাদ।

জনপ্রিয় ছবির পাশাপাশি অন্য ধারার ছবিতেও সমান সফল আমির খান। তারে জমিন পর, থ্রি ইডিয়টস, ধোবিঘাট, লগন, দঙ্গলের পাশাপাশি আমির খানের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে ‘মঙ্গল পাণ্ডে’র মতো ইতিহাস আশ্রিত ছবিতেও। তার টেলিভিশন শো ‘সত্যমেব জয়তে’র জনপ্রিয়তাও আকাশছোঁয়া।

আমির খান যে একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর বংশধর, তা ভক্তদের অনেকেই জানে না। আমির অবশ্য নিজেই একাধিকবার বলেছেন, তার অভিনেতা হওয়ার পেছনে পরোক্ষভাবে অবদান রয়েছে গত শতাব্দীর পাঁচের দশকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা ওই স্বাধীনতা সংগ্রামীর।

ভারতের স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত উজ্জ্বল একটি নাম মৌলানা আবুল কালাম আজাদ। সম্পর্কে তিনি আমিরের প্রমাতামহ। ১৮৮৮ সালে মক্কায় জন্মগ্রহণ করেন আবুল কালাম আজাদ। পরবর্তীকালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। স্বাধীনতার পর জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ। ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।

আমির একাধিকবার জানিয়েছেন, তার বড় চাচা তথা বিখ্যাত চলচ্চিত্রকার নাসির হুসেন যখন সিনেমার জগতে আসার কথা ভাবছিলেন, তখন পরিবারের অনেকেই তীব্র বিরোধিতা করেন। সেই সময় নাসিরের পাশে ছিলেন আবুল কালাম আজাদ। নাসিরের হাত ধরেই আমিরের বাবা তাহির হুসেন সিনেমায় পা রাখেন। আমির বলেছিলেন, বাবা সিনেমা জগতের মানুষ না হলে তার কাছে রুপালি পর্দা অচেনাই থেকে যেতো।

তিনি আরও জানান, আবুল কালাম আজাদের জীবনী ভিত্তিক সিনেমা নির্মাণের ইচ্ছা আছে।

বর্তমানে আমির খানের হাতে আছে ‘লাল সিং চাড্ডা’ নামের সিনেমা। হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল এই রিমেকে উঠে আসবে স্বাধীন ভারতের বাঁক ফেরানো কিছু ঘটনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত