লর্ডসের মহাকাব্যিক সেই ম্যাচে মোহাম্মদ কাইফ যখন দলকে জেতানোর লড়াইয়ে ছিলেন, তখন বাড়ির পাশের সিনেমা হলে দেবদাস সিনেমা দেখছিল তার পরিবার। কাইফ একটি সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন।
২০০২ সালের ওই ম্যাচে ৭৫ বলে ৮৭ রানের রাজকীয় ইনিংস খেলে কাইফ ভারতকে জেতান। পরে সৌরভ জার্সি খুলে ‘বুনো উল্লাসে’ মাতেন, যেটি ভারতীয় ক্রিকেটের অবিস্মরণীয় দৃশ্য হয়ে গেঁথে আছে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে।
ন্যাটওয়েস্ট সিরিজ জয়ের সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে কাইফ একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘সেদিনের কথা বলতে গেলে আমার প্রথমেই মনে পড়ে, আমি যখন ব্যাট করতে নামছিলাম, তখন স্টেডিয়াম থেকে দর্শকেরা ফিরে যাচ্ছিলেন। শচীন যখন আউট হয়ে গেল, তখন আমার বাড়ির লোকজনও টিভির সামনে থেকে উঠে গিয়েছিল। বাবা গোটা পরিবারকে নিয়ে পাশের সিনেমা হলে গিয়েছিলেন দেবদাস দেখতে। আমি অবশ্য ওদের ক্ষমা করে দিয়েছি।’
কাইফ বলছিলেন, ‘আরও একটা কথা আমার মনে পড়ছে। আমি যখন এলাহাবাদ ফিরলাম, একটা হুডখোলা জিপে দাঁড় করিয়ে আমাকে নিয়ে শোভাযাত্রা করা হল। রাস্তার দু’ধারে মালা হাতে, ফুল হাতে দাঁড়িয়েছিলেন অসংখ্য মানুষ। সবাই স্লোগান দিচ্ছিল। মাত্র ৫-৬ কিলোমিটার রাস্তা যেতে আমার ৩-৪ ঘণ্টা সময় লেগে গেল।’
‘আমি যখন ছোট ছিলাম একবার দেখেছিলাম, অমিতাভ বচ্চনকে এভাবে স্বাগত জানানো হয়েছিল এলাহাবাদে। এদিন আমারও নিজেকে অমিতাভ বলে মনে হয়েছিল।”
