জয়া বচ্চন ছাড়া বচ্চন পরিবারের বাকি চার সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই মুম্বাই পৌরসভা জোরকদমে ‘জলসা’র সামনে স্যানিটাইজেশন অভিযান চালিয়েছিল। কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছিল জলসা এবং তার পার্শ্ববর্তী এলাকা। গত কয়েক দিনে বচ্চন পরিবারের সংস্পর্শে এসেছিলেন এমন ৫৪ জনকে চিহ্নিতও করা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে। এদের মধ্যে ‘হাইরিস্ক কনট্যাক্ট’-এ ছিলেন এমন ২৬ জনের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল রবিবারই। সোমবার সেই রিপোর্ট প্রকাশ্যে এল।
জানা গিয়েছে, ওই ২৬ জনেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও প্রোটোকল অনুযায়ী, আপাতত ১৪ দিন হোম কোয়রান্টিনেই থাকতে হবে তাদের।
শনিবার রাতে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইটারে প্রথম জানান বিগ-বি। এর কিছুক্ষণ পরেই অভিষেক বচ্চনও টুইট করে জানান, করোনায় আক্রান্ত হয়েছেন তিনিও। তাদের দু’জনেরই মৃদু উপসর্গ রয়েছে। বর্তমানে বাবা-ছেলের চিকিৎসা চলছে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে।
যদিও হাসপাতাল সূত্রে খবর, দু’জনেই ভালো আছেন। চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন। অন্যদিকে রবিবার দুপুরে জানা যায়, ঐশ্বরিয়া এবং আরাধ্যারও করোনা হয়েছে। যদিও তাদের মধ্যে করোনার কোনও উপসর্গ দেখা না দেওয়ায় বাড়িতেই আইসোলেশনে থাকবেন তারা। তবে জয়া বচ্চন এবং কন্যা শ্বেতা নন্দার রিপোর্ট নেগেটিভ এসেছে।
