অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন শিগগিরই দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘গত মার্চে নিবন্ধনের উদ্যোগ নেওয়া হলেও করোনা প্রাদুর্ভাবে স্থগিত করা হয়। এখন তা আবার শুরু হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো যেসব পোর্টালের বিষয়ে নেতিবাচক প্রতিবেদন দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘সরকারই করোনা নিয়ে জেকেজি ও সাহেদের প্রতারণা উদঘাটন করে ব্যবস্থা নিয়েছে। জেকেজির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী গ্রেপ্তার হয়েছে। সাহেদের দুটি হাসপাতাল সিলগালা। তাকেও ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ়ভাবে বলা হয়েছে। এখন নানাজনে নানা বক্তব্য দিচ্ছে, বিএনপিও মুখ খুলেছে।’
এসএসসি পাস সাহেদ কীভাবে পত্রিকার ডিক্লারেশন পেয়েছে এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘পত্রিকার ডিক্লারেশন ডিসি অফিস থেকে নিতে হয় এবং এজন্য শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। তবে এক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করছেন। তিনি বিপর্যয় থেকে দেশের অর্থনীতি রক্ষার চেষ্টা করছেন। এসব প্রচেষ্টার কারণেই করোনায় মৃত্যুহারে পৃথিবীর সর্বনিম্ন দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। ভারত-পাকিস্তানের চেয়েও আমাদের মৃত্যুহার কম।’
