কোরবানির ঈদ সামনে রেখে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২৮ জুলাই পর্যন্ত দেশের ২৬৪টি স্থানে বাজারদরের চেয়ে কম দামে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হবে।
টিসিবি দাপ্তরিক আদেশে বলা হয়, শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন ক্রেতারা প্রত্যেকে ৫০ টাকা দরে দুই কেজি চিনি ও এক কেজি মসুর ডাল এবং ৮০ টাকা দরে ৫ লিটার করে সয়াবিন তেল নিতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (পণ্য থাকা সাপেক্ষে) পণ্য বিক্রি করবেন নির্ধারিত ডিলাররা।
ঢাকা মহানগরীতে ৪০টি, চট্টগ্রাম মহানগরীতে ১০টি, রংপুরে ৭টি, ময়মনসিংহে ৭টি, রাজশাহীতে ৫টি, খুলনায় ৫টি, বরিশালে ৫টি, সিলেটে ৫টি, বগুড়ায় ৫টি, কুমিল্লায় ৫টি, ঝিনাইদহে ৩টি, মাদারীপুরে ৩টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। অন্যান্য ৫২ জেলার প্রতিটিতে ২টি করে পণ্যবাহী ট্রাক থাকবে। এছাড়া প্রতিটি কার্যালয়ের অধীনে পাঁচটি করে ১২টি কার্যালয়ের অধীনে ৬০টি ট্রাকে করে ডিলাররা পণ্য বিপণন করবেন। প্রতিটি ট্রাকে সুস্পষ্ট অক্ষরে পণ্যের মূল্য তালিকা লেখা থাকবে।
