গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে আখচাষিদের আখের দাম পরিশোধ এবং শ্রমিক-কর্মচারীদের চার মাসের বেতন-ভাতা পরিশোধের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষি কল্যাণ সমিতি।
সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত থালা হাতে মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কে চিনিকলের প্রধান ফটক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। অতি দ্রুত এসব দাবি মানা না হলে আজ মঙ্গলবার থেকে ২৫ জুলাই পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণা দেন চিনিকলের শ্রমিক ও আখচাষিরা।
বক্তারা বলেন, গাইবান্ধার একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্প কারখানা মহিমাগঞ্জের এই রংপুর চিনিকল। প্রতিষ্ঠানটিতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হলেও এটি বন্ধের জন্য বিভিন্ন অপতৎপরতা চালানো হচ্ছে। চার মাস ধরে শ্রমিক-কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না। আখচাষিরা চিনিকলে যে আখ দিয়েছেন, সেই টাকাও পরিশোধ করা হয়নি। ফলে তারা নতুন করে ফসল ফলাতে পারছেন না। কর্মসূচি চলাকালে ১৪ জুলাই সকাল ৮টা থেকে দুই ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট, ১৬ জুলাই সকাল ৯টায় মহিমাগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল, ১৮ ও ১৯ জুলাই পূর্ণদিবস কর্মবিরতি, ২০ জুলাই মহিমাগঞ্জে সান্তাহার-লালমনিরহাট রেলপথ অবরোধ, ২২ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট এবং ২৫ জুলাই গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
