সোনারগাঁয়ে যুবলীগ নেতাকে হত্যাচেষ্টা প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৮:০৪ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের শান্তিরবাজারে যুবলীগ নেতা ও ব্যবসায়ী আমিনুল ইসলামকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বারদীর শান্তিরবাজারে পাঁচ গ্রামের নারী-পুরুষ একত্রিত হয়ে ‘হাবু ডাকাত ও তার বাহিনী’কে গ্রেপ্তার ও বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেন।

সোনারগাঁ থানায় করা মামলার এজাহার থেকে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে গত রবিবার সকালে হাবু ডাকাতের নেতৃত্বে ১৮-২০ জনের একটি দল এলোপাতাড়ি আমিনুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

এলাকাবাসীর অভিযোগ, ডাকাত সর্দার হাবু ওই এলাকায় ত্রাস সৃষ্টি ও মানুষের জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। ডাকাত সর্দার হাবুর বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদক ও অস্ত্রসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, হাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত