সরকার বন্যার্তদের পাশে না থেকে লুটেরাদের স্বার্থরক্ষায় ব্যস্ত বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
তারা বলেন, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সিলেট ও সুমানগঞ্জ জেলায় শত শত কিলোমিটার সড়ক বিপর্যস্ত হয়ে কয়েকশ কোটি টাকার ক্ষতি হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর শহরও এখন বিপজ্জনক অবস্থায়। এছাড়াও ভারতের গজলডোবায় সবকটি গেট খুলে দেওয়ায় এবং বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল তথা কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধায় হু হু করে বন্যার পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
