সাবেক নৌবাহিনীপ্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম মারা গেছেন। গত মঙ্গলবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। গত ১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। তার মৃত্যুতে নৌবাহিনীর সর্বস্তরের সদস্যগণ গভীর শোকপ্রকাশ করেছেন।
আইএসপিআর জানায়, গতকাল নৌসদর দপ্তর মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ বনানীস্থ সামরিক কবরস্থানে দাফন করা হয়। রিয়ার অ্যাডমিরাল (অব.) এম মোহাইমিনুল ইসলাম ১৯৯১ হতে ১৯৯৫ পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে বিভিন্ন জাহাজ/ঘাঁটির অধিনায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিএন ফ্লিট, চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি নৌসদর দপ্তরে বিভিন্ন পরিদপ্তরের পরিচালক এবং সহকারী নৌপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে ৪ জুন থেকে ১৯৯৫ সালের ৩ জুন পর্যন্ত নৌপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৪১ সালে জন্মগ্রহণ করেন মোহাইমিনুল ইসলাম। ১৯৫৯ সালে পাকিস্তান নেভাল অ্যাকাডেমিতে ক্যাডেট হিসেবে যোগ দিয়ে ১৯৬৩ সালের শেষ দিকে কমিশন পান। যুক্তরাষ্ট্রের নেভাল কমান্ড কলেজ থেকে তিনি স্নাতক করেন। তুরস্ক ও ফ্রান্সে সাবমেরিনের ওপর বিশেষ কোর্স করেন তিনি। বাংলাদেশ নৌবাহিনীর সাবেক এই প্রধানকে থাইল্যান্ডের রাজা ‘নাইট গ্রান্ড ক্রস’ উপাধি দিয়েছিলেন।
