জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তায় ক্রীড়া ফেডারেশনগুলোর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ শুরু করেছে রোলার স্কেটিং ফেডারেশন।
কভিড-১৯ এর বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
জুম আপের মাধ্যমে সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করে প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় রোলার স্কেটিং ফেডারেশন অন্যান্য ফেডারেশন, ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিকদের বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও পদচালিত হাত ধোয়া বেসিন বিতরণের যে উদ্যোগ গ্রহণ করেছে, এ মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি বিশ্বাস করি, এ উদ্যোগ আমাদের ক্রীড়াবিদদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য ফেডারেশন সমূহের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে।’
করোনাকালে সরকার ও মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির শুরু থেকেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ফেডারেশনগুলো অসহায় দুস্থ ক্রীড়াবিদদের পাশে রয়েছে। ইতিমধ্যে প্রায় এক হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা প্রদান করা হয়েছে। আর তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে। অচিরেই এ অর্থ তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের হাতে তুলে দেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘ক্রীড়া সম্মানী ভাতা হিসেবে ১১৫০ ক্রীড়াবিদকে প্রতিমাসে ২ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা প্রদান করা হবে। এ ছাড়াও আমরা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছি।’
রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা।
সভায় বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করেন।
