রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, টিকিট ছাড়া যাত্রীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সে জন্য দেশের বড় স্টেশনগুলোতে নিয়ন্ত্রণ (এক্সেস কন্ট্রোল) করার জন্য বেড়া দেওয়ার প্রকল্পের কাজ চলছে।
শনিবার পরিদর্শন ট্রেনযোগে বিমানবন্দর, জয়দেবপুর, টঙ্গী ও নরসিংদী রেল স্টেশন পরিদর্শন করার সময় তিনি এসব কথা বলেন।
এ সময় রেলমন্ত্রী বিমানবন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার কাজ ও স্টেশনের সীমানা ঘেরার নির্মাণকাজ পরিদর্শন করেন। এখানে প্লাটফর্মের উচ্চতা ট্রেনের উচ্চতার সাথে সমন্বয় করা হচ্ছে।
সেখান থেকে পরে তিনি গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।
সেখানে উপস্থিত সাংবাদিকদের নূরুল ইসলাম সুজন বলেন, জয়দেবপুর থেকে ঈশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হবে। এছাড়া ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত চতুর্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। ডাবল লাইনের কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিক সংখ্যক ট্রেন চালানো যাবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদুল আজহায় ট্রেন বাড়ছে না। যেভাবে এখন চলছে সেভাবে চলবে।
টঙ্গী রেল স্টেশন এবং নরসিংদী রেল স্টেশনও পরিদর্শন করেন মন্ত্রী। এ এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
