করোনায় ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফি অর্ধেক মওকুফের দাবি

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৮:৪৪ পিএম

করোনা সংকট বিবেচনায় নিয়ে সিলেটের সকল ইংলিশ মিডিয়াম ও অন্যান্য বেসরকারি স্কুলে মাসিক টিউশন ফি অর্ধেক মওকুফ, হাইকোর্টের রায় মেনে পুনঃভর্তি ফি বা অন্য যেকোন নামে এককালীন মোটা অংকের টাকা নেওয়া বন্ধ করা, স্কুলগুলোতে শিক্ষাব্যয় কমিয়ে আনার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন অভিভাবকরা।

শনিবার দুপুরে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশন’ এই কর্মসূচি আয়োজন করে।

কর্মসূচিতে অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধি, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ইংলিশ মিডিয়ামসহ বেসরকারি সকল স্কুলে শিক্ষার্থীদের মাসিক বেতন অর্ধেক করতে হবে।

এই দাবি অত্যন্ত যৌক্তিক উল্লেখ করে বক্তারা বলেন, খেয়াল রাখতে হবে একটি শিশুও যেনো স্কুল থেকে ঝরে না পড়ে। করোনার কারণে সব পেশার মানুষ সংকটে পড়েছেন। সন্তানের লেখাপড়ার খরচ নিয়ে তারা উদ্বিগ্ন। অনেকের পক্ষে খরচ চালিয়ে যাওয়া কোনমতেই সম্ভব নয়। এ অবস্থায় স্কুলগুলোর কর্তৃপক্ষকে মানবিক হতে হবে। তাদেরকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। যতদূর পারা যায় শিক্ষা ব্যয় কমাতে হবে। 

সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মুকিত অপির পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম, খাজাঞ্চিবাড়ি স্কুলের অভিভাবক বদরুদ্দোজা বদর, স্কলার্সহোম স্কুলের অভিভাবক খালেদ আহমদ, খাজাঞ্চিবাড়ি স্কুলের অভিভাবক সৈয়দ বাহারুল ইসলাম রিপন, রাইজ স্কুলের অভিভাবক মো. কুতুব উদ্দিন, অভিভাবক শুভেন্দ্র শেখর পাল, দিদার হোসেন রুবেল, মাওলানা ফিরুজ উদ্দিন, জাবেদুর রহমান, নজরুল ইসলাম, আজমল হোসেন, নোমান আহমদ, মাসুম আহমদ, বেলাল আহমদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত