রাজধানীর যাত্রাবাড়ীর গোবিন্দপুরে নিজ বাসায় ‘চোরের’ ছুরিকাঘাতে তাজুল ইসলাম (৩৭) নামের এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছে।
রবিবার দুপুর ১টার দিকে শনির আকড়া গোবিন্দপুর হাজী মসজিদের সামনের একটি বাসার পাঁচতলায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, তাজুলকে বেলা ২টার দিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
নিহতের বাড়ি বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মৃত আবদুল মালিক। তাজুল দুই ছেলের জনক।
তাজুলের স্ত্রীর বড় ভাই আজমল হোসেন জানান, বাসার পাশেই ‘তাজুল ফার্মেসি’ নামে একটি ফার্মেসি দোকান রয়েছে তার। করোনার কারণে দেড় মাস আগে দুই ছেলে ও স্ত্রী খাদিজা বেগমকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় সে।
তিনি বলেন, বাসায় একাই থাকতো তাজুল। শুনেছি ওই বাসায় এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করেছে। পরে আমি হাসপাতালে এসে তার মৃতদেহ দেখতে পাই।
আজমল বলেন, জানতে পেরেছি দুপুরে বাসায় ছিল তাজুল। হঠাৎ ওই বাসার লোকজন চোর চোর বলে চিৎকার দিয়ে উঠে। পরে বাসার নিচের লোকজন ছুরি হাতে বাসা থেকে পালিয়ে আসা এক যুবককে ধরে ফেলে। পরে স্থানীয় কয়েকজন তাজুলকে রক্তাক্ত অবস্থায় বাসা থেকে হাসপাতালে নিয়ে আসে।
তিনি বলেন, কী কারণে তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে তা বলতে পারছি না।
