শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, জীবন এবং জীবিকা উভয়কেই রক্ষা করে করোনা ভাইরাস মোকাবিলা করতে হবে । পাশাপাশি আমাদের দেশের উন্নয়নের ধারাও অব্যহত রাখতে হবে। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে হলে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
রবিবার দুপুরে নরসিংদীর মনোহরদীতে উপজেলা অডিটরিয়ামে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, নরসিংদীর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, মনোহরদী-শিবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেজবাহ উদ্দিন,মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন এমএস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী প্রমুখ।
পরে মত বিনিময় শেষে শিল্পমন্ত্রী মনোহরদী উপজেলা মডেল জামে মসজিদ ও হেতেমদী-সাগরদী বাইপাস সড়ক নির্মান কাজ পরিদর্শন করেন। শিল্পমন্ত্রী হেতেমদী-সাগরদী বাইপাস সড়ক নির্মান কাজ নির্ধারিত সময়ে শেষ না করায় ও জমি অধিগ্রহণে বিলম্ব করায় ঠিকাদার এবং সংশ্লিষ্টদের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ প্রদান করেন।
