টুইটারের অভ্যন্তরীণ সাপোর্ট টিমকে ধোঁকা দিয়ে তাদেরই ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বারাক ওবামা, বিল গেটসদের মতো প্রভাবশালী ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করে সাইবার অপরাধীরা। টুইটারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটি ইতিমধ্যে জানিয়েছে, ১৩০টি অ্যাকাউন্ট ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। টুইটারের দেওয়া তথ্য অনুযায়ী, হ্যাকাররা অ্যাকাউন্টগুলো থেকে টুইট পাঠানোর আগে ৪৫টি আইডির পাসওয়ার্ড রিসেট করে নেয়। এফবিআই থেকে এ ঘটনার তদন্ত করা হচ্ছে। টুইটার প্রতিশ্রুতি দিয়েছে, তদন্তে সব ধরনের সহায়তা করবে। এ ঘটনায় টুইটারের কর্মকর্তারা রীতিমতো মুষড়ে পড়েছেন। বিবৃতিতে এভাবে হতাশা প্রকাশ করা হয়, ‘আমরা বিব্রত, হতাশ। সবকিছুর চেয়ে বেশি- আমরা দুঃখিত।’
টুইটার কর্মীদের ম্যানুপুলেট করতে হ্যাকাররা মূলত একটি ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্কিম’ ব্যবহার করে। এ প্রক্রিয়ায় কোনো ব্যক্তিকে প্রলুব্ধ করে বা ভুল বুঝিয়ে কারসাজির মাধ্যমে নির্দিষ্ট কিছু কাজে প্ররোচিত করা হয়। বিষয়টি এমন হতে পারে, আপনার ইনবক্সে লটারির কথা বলে কোনো লিংক এলো, আপনি ক্লিক করলেন, সব তথ্য চলে গেল হ্যাকারের কাছে। টুইটার জানিয়েছে, তাদের অল্প কিছু কর্মীকে এভাবে ধোঁকা দিতে সক্ষম হয় হ্যাকাররা। টুইটারের অভ্যন্তরীণ সিস্টেমে হ্যাকাররা ব্যবহারকারীদের আগের পাসওয়ার্ড দেখতে পারেননি; কিন্তু ফোন নম্বর, মেইলসহ কিছু ব্যক্তিগত তথ্যে অ্যাকসেস পেয়েছে। অ্যাকাউন্টে ঢুকেই হ্যাকাররা টুইট পাঠাতে শুরু করে। মেসেজে বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রা চাওয়া হয়।
