কেরানীগঞ্জে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৮:১১ এএম

কেরানীগঞ্জে ট্রাফিক পুলিশ কর্তৃক সিএনজি চালিত অটোরিকশার চালকদের হয়রানির অভিযোগ করেছেন একাধিক চালক। রাজধানী থেকে যাত্রী নিয়ে কোনো সিএনজি চালিত অটোরিকশা কেরানীগঞ্জে এলে ঘুষের জন্য বিভিন্নভাবে সিএনজি চালিত অটোরিকশার চালকদের হয়রানি করা হয় বলে অভিযোগ করেছেন তারা।

সিএনজি চালকদের সংগঠন ‘অনলাইন সিএনজি রাইডার্স অ্যাসোসিয়েশন’ এর পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, ঢাকা মেট্রো সিরিয়ালের সিএনজি চালিত অটোরিকশা সেতু পার হয়ে কদমতলী গোল চত্বর এলেই এখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশেরা অর্থের জন্য বিভিন্নভাবে চালকদের আটকায়। ট্রাফিক পুলিশদের টাকা না দিলে তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে গাড়ি রেকার দিয়ে আটকানো, মামলা দেওয়ার হুমকিসহ নানাভাবে সিএনজি চালকদের হয়রানি করেন। চাহিদামতো টাকা দিলে ছেড়ে দেওয়া হয়।

আনোয়ার হোসেন নামে এক চালক অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে এলিফ্যান্ট রোড থেকে কেরানীগঞ্জের  শুভাঢ্যা পর্যন্ত এক যাত্রী নিয়ে আসি, বাবু বাজার সেতু পার হয়ে কদমতলী গোলচত্বর এলাকায় এলে এক ট্রাফিক পুলিশ আমার গাড়ি আটকায় এবং বলে, ‘তর তো ঢাকার গাড়ি, কেরানীগঞ্জে কেন নিয়ে আসছস?’ ওই ট্রাফিক আমার কাগজ ছিনিয়ে নেয় এবং ৫০০ টাকা দাবি করে। পরে আমি ২০০ টাকা দিয়ে আমার কাগজ ছাড়িয়ে নিয়ে চলে আসি।

এ বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশের পরিদর্শক নুরুল ইসলাম মল্লিক বলেন, যে গাড়ির সমস্যা পাওয়া যায় সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। যে গাড়িগুলো নিয়ম মেনে চলে সেইসব গাড়িগুলো পুলিশ ধরে না। আর ‘কাগজ নিয়ে কিছু টাকা দিলে ছেড়ে দেয়’ -এ ব্যাপারটা অসত্য। এ ব্যাপারে কোনো চালক যদি প্রমাণসহ অভিযোগ দেয় তবে ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত