দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণায় ২ জন আটক

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৮:৩৯ পিএম

 

কিশোরগঞ্জে দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগ মো. শহিদুল হক ওরফে দিপু (৫২) ও মো. হুমায়ুন কবির (৩৫) নামে দুজনকে আটক করেছে র‌্যাব।

রবিবার রাত ১২টার দিকে রাজধানীর যমুনা ফিউচার পার্ক মার্কেট এলাকায় র‌্যাব-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব জানায়, আটক শহিদুল নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বরপিট গ্রামের বাসিন্দা এবং হুমায়ুনের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার দেওয়ানকান্দি গ্রামে। শহিদুল রাজধানীর উত্তরায় এবং হুমায়ুন মেরুল বাড্ডায় থাকেন। হুমায়ুনের যমুনা ফিউচার পার্ক মার্কেটে মোবাইল ফোন বিক্রির দোকান রয়েছে।

র‌্যাব-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান জানান, গত ১২ জুলাই শহিদুল কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় শেরাটন হোটেলের নিচতলার স্যামসাং মোবাইল শোরুমে ভুয়া আইডি কার্ড দেখিয়ে বলেন, তিনি দুদকের উপপরিচালক। বর্তমানে সপরিবারে কিশোরগঞ্জ জেলার গণপূর্ত বিভাগের রেস্ট হাউজের তৃতীয় তলায় আছেন। পরিবারের সদস্যদের জন্য পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ক্রয় করবেন। তাদের দেখানোর জন্য শোরুমের সেলসম্যানসহ পাঁচটি মোবাইল নিয়ে রেস্ট হাউজে যান। রেস্ট হাউজের সামনের একটি কক্ষে সেলসম্যানকে বসিয়ে রেখে মোবাইল নিয়ে সটকে পড়েন তিনি।

ঘটনার পরপরই র‌্যাবের একটি অপারেশনাল টিম ছায়া তদন্ত শুরু করে। পরে প্রযুক্তির সহায়তায় র‌্যাবের একটি অপারেশনাল টিম যমুনা ফিউচার পার্ক মার্কেট এলাকায় অভিযান চালায়।

এ সময় চুরি করা পাঁচটি মোবাইল এবং ৪ লাখ ৮ হাজার ৪২০ টাকাসহ শহিদুল ও হুমায়ুনকে আটক করা হয়। তাদের কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত