সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ৬

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৪:৫৬ পিএম
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জানীগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাস থেকে বের হতে গিয়ে ছয়জন আহত হয়েছেন। মঙ্গরবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল নয়টায় বাসটি ২৫ জন যাত্রী নিয়ে সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয়। এ সময় ভারী বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে দশটার দিকে বাসটি সুনামগঞ্জ সদর উপজেলা জানীগাঁও এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
 
বাসে থাকা যাত্রীরা জানান, বাসটি দুর্ঘনার সময় ২৫ থেকে ১৮ জন যাত্রী ছিলেন।
 
প্রত্যক্ষদর্শী একজন জানান, বিকট শব্দ শুনে সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে দৌঁড়ে আসেন। এসে তিন-চারজন লোককে বাস থেকে বের হয়ে আসতে দেখেন। এ সময় ওই ব্যক্তিরা তাকে জানায় বাসের ভেতরে আরও লোক আছে। সঙ্গে সঙ্গে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
 
সুনামগঞ্জ ফায়ার সার্ভি স্টেশন অফিসার নিউটন দাশ জানান, তারা দুইঘণ্টা চেষ্টা চালিয়ে বাসের ভিতরে কিংবা আশাপাশে কাউকে পাননি। তাদের ধারণা দুর্ঘটনার সময় সব যাত্রীই বাস থেকে বের হতে সক্ষম হয়েছেন।
 
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেছেন,  বাসের ছয়জন যাত্রী যারা দুর্ঘটনার সময় বাস থেকে বের হতে গিয়ে বিভিন্নভাবে আঘাত পেয়েছেন তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন প্রায় দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা চালালেও আর কাউকে পাওয়া যায়নি।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত